গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন তার ৮৩তম জন্মদিনে বাংলাদেশে পরিবর্তনের আশা ব্যক্ত করেছেন।
শনিবার সকালে মতিঝিলের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এই আহ্বান জানান তিনি।
গণফোরাম এখন আগের চেয়ে শক্তিশালী হয়েছে দাবি করে একে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামাল হোসেন।
তিনি বলেন, এবার ভালো ভালো লোকজন এগিয়ে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। তারা যোগদান করছেন এজন্য যে, আমাদের দল কর্মক্ষম, আমাদের দলের জনপ্রিয়তা বাড়ছে এবং তারা এসে অবদান রাখতে চান।
সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের সবচেয়ে বড় কাজ হবে সাংগঠনিক কাজে নিজেদের নিয়োজিত করা। সদস্য সংগ্রহ বাড়াতে হবে। এটা বাড়াতে হবে এই কারণে যে আমরা মনে করি, এই দলটি দেশের জাতীয় দল যেখানে সকল মহলের প্রতিনিধিত্ব করবে।
প্রায় তিন দশক আগে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠিত হয়।
শনিবার গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে পরিবর্তন আনতে চাওয়ার কথা জানিয়ে কামাল বলেন, যে পরিবর্তন সবাই চাচ্ছে সেটা হচ্ছে কার্যকর গণতন্ত্র। আমাদের এই গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে, গঠনমূলক কর্মসূচির ভিত্তিতে যে রাজনীতি দেশে গড়ে উঠছে, তার মধ্য দিয়ে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আগামীতে আনতে পারব দেশে।
এ আইনজীবী বলেন, আমরা গর্ব করি যে, আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না। আমরা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করি না। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি জনগণের ওপর ভিত্তি করি।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, আলতাফ হোসেন, সিরাজুল হক, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, আ ম সা আ আমিন, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
অবিভক্ত ভারতে কলকাতায় ১৯৩৭ সালে কামাল হোসেনের জন্ম। তিনি বিয়ে করেছেন মানবাধিকার কর্মী হামিদা হোসেনকে। তাদের দুই মেয়ে সারা হোসেন ও দিনা হোসেন।
স্বাধীনতার আগে আওয়ামী লীগে যোগ দেওয়া কামাল ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান তৈরির জন্য যে কমিটি হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামালে তিনি প্রথমে আইনমন্ত্রী, পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন কামাল। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ১৯৯৩ সালে গঠন করেন গণফোরাম।