ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গোগৈর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন দেশটির সুপ্রিম কোর্টেরই একজন সাবেক কর্মকর্তা।
ভারতের আইন অনুয়ায়ী ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। শুধু জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই নারী হলফনামায় গত বছর অক্টোবর মাসে ঘটা দুটি অসদাচরণের অভিযোগ দায়ের করেছেন।
তার কিছুদিন আগেই গোগৈ ভারতের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন।
যৌন নির্যাতনের ওপর হলফনামাটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে পাঠানো হয়েছে।
হলফনামায় ওই বিবাহিত নারী বলছেন, গত ১০ এবং ১১ অক্টোবর গোগৈর বাড়ির অফিসকক্ষে নিপীড়নের ঘটনাগুলো ঘটে।
হলফনামায় তিনি বলেন, ‘আমার কোমর জড়িয়ে ধরেন বিচারপতি, আমার সারা শরীরে হাত দেন।’
ওই নারী তখন দুই হাত দিয়ে তাকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে আসেন।
এরপর ওই নারীকে তিনবার বদলি করা হয় এবং গত ডিসেম্বর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
মহিলার স্বামী এবং ভাইকেও তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে হলফনামায় বলা হয়েছে।
বিচারপতি গোগৈ অভিযোগগুলি ‘সম্পূর্ণ মিথ্যা এবং কুৎসিত’ বলে দাবি করেছেন।