কঙ্গনার সিনেমা নিয়ে চিকিৎসকদের আপত্তি

বলিউড তারকা কঙ্গনা রনৌতের নতুন সিনেমা নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। তারা ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ নামটি পরিবর্তনের দাবি তুলেছেন। পাশাপাশি সিনেমার গল্প নিয়ে কয়েকটি সংস্থার হস্তক্ষেপ আশা করছে।

এই নিয়ে কঙ্গনার বোন ও ব্যবস্থাপক রঙ্গোলি চান্দাল এক বিবৃতিতে জানান, এ সিনেমা সবাইকে গর্বিত করবে।

শনিবারের এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। সেখানে কঙ্গনার পক্ষ থেকে জানান, ‘মেন্টাল হ্যায় ক্যায়’র বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক। সিনেমাটি মুক্তির পর সবাই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

সিনেমাটিতে কঙ্গনার বিপরীতে আছেন প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও।

সম্প্রতি মেডিকেল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ছবিটির নাম বদল ও টিজার প্রত্যাহারের দাবি জানায়। যদি ছবির দৃশ্য, সংলাপ বা গানে মানসিক রোগীদের হানিকর কিছু থাকে, তা বাদ দিতে বলা হয়।

তাদের মতে, যারা মানসিক রোগে ভুগছেন তাদের নিয়ে সিনেমার শিরোনামে বিদ্রূপ করা হয়। এ কারণে তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপ আশা করা হয়।

সেখানে বলা হয়, দেশের ১০ ভাগ মানুষ মানসিক অসুস্থতা নিয়ে ভেতরে-বাইরের অবস্থার সঙ্গে যুদ্ধ করছে। এই শিরোনামকে কি সৃজনশীল বলা যায়?

‘মেন্টাল হ্যায় ক্যায়া’ পরিচালনা করেছেন প্রকাশ কোভেলামুদি, প্রযোজনায় আছেন একতা কাপুর। ডার্ক-কমেডি ধাঁচের এ ছবির কাহিনি এগিয়েছে দুটি চরিত্রে ধরে, যাদের মধ্যে আত্মহত্যা চেষ্টার প্রবণতা রয়েছে।