এ সরকার বেশি দিন টিকবে না: মির্জা ফখরুল

একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা অতিতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

শনিবার মির্জা ফখরুল কুমিল্লা-১০ আসনের নোয়াগাঁও এলাকায় নির্বাচনকালীন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় ও আর্থিক অনুদান প্রদানকালে এসব বলেন।

তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে। আইনগতভাবে খালেদা জিয়া জামিন পান, কিন্তু সরকার নানা জটিলতা সৃষ্টি করে তাকে আটকে রাখছে। যার ফলে তিনি ১৪ মাস কারাগারে।

 ‘সরকারদলীয় অনেকে সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত আছেন এবং মন্ত্রিত্ব করছেন’।

তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে একাদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিতদের শপথ গ্রহণের কথা শুধু গুঞ্জন এবং অসত্য, এসব কথার কোনো ভিত্তি নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এক দেশের আদালত আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিলে তা বন্ধ হয় কি না আমার জানা নেই’।

এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা যে চিন্তাভাবনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে।

 ‘আজকে তারা পিস্তল, বন্দুকের জোরে এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করা হবে’।

মির্জা ফখরুল কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও লাঙ্গলকোট উপজেলার ৯৫ জন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীকে পনেরো হাজার টাকা করে অনুদান প্রধান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, নির্বাচনকালীন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তথ্য সংগ্রহকারী খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস প্রমুখ।