চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ধর্ষণের চেষ্টাকারী ও দুই ইউপি সদস্যও রয়েছেন। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের আব্দুস সালাম (৩০), ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য তুফানী আলী (৪৬) ও রেজাউল হক (৪৫) এবং গ্রাম্য মাতব্বর নাসির উদ্দীন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গত ১৮ এপ্রিল ইসলামপুর ইউনিয়নের একটি পাটখেতে আব্দুস সালাম তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে সে পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তা মীমাংসা করে দেওয়া হয়। স্থানীয় ওই শালিসে শাস্তি স্বরূপ সালামকে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘোরানো হয়। গ্রাম্য ওই শালিসের সঙ্গে যুক্ত ছিলেন, তুফানী আলী, রেজাউল হক ও নাসির উদ্দীন।
পুলিশ জানায়, ঘটনাটি জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।