কাবুলে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে বন্দুকধারীরা মন্ত্রণালয়টিতে হামলা চালায়।

তথ্য মন্ত্রণালয় ভবনের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলা শুরু হয়। এরপর বন্দুকধারীরা গুলি করতে শুরু করে। তিন বন্দুকধারী হামলাটি চালিয়েছে এবং তাদের মধ্যে একজন ভবনটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় বলে বিবিসিকে জানিয়েছে মন্ত্রণালয় কর্র্তৃপক্ষ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই হামলাকারী নিহত হয়েছে। অপর এক হামলাকারী সীমানা দেয়ালের কাছে নিজের শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। মন্ত্রণালয়টির আশপাশে আরও কয়েকটি মন্ত্রণালয়, প্রেসিডেন্টের বাসভবন ও শহরের সবচেয়ে জনপ্রিয় আবাসিক হোটেলটির অবস্থান। কাবুলে হাতেগোনা যে কয়টি হোটেলে এখনো বিদেশি পর্যটকরা ওঠেন সেরেনা হোটেল তার অন্যতম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৮তলা ভবনটি কাবুলের অন্যতম সবচেয়ে উঁচু ভবন।