সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। শনিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এ সব কর্মসূচী থেকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ জড়িতদের ফাঁসির দাবি তোলা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফেনী: শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন করে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করীম মজমুদার। বেলা ১১টায় শহরের একাডেমি সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জিএ একাডেমি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ইউসুফ। এ সময় বক্তব্য রাখেন স্কুলের বিদ্যুৎসাহী সদস্য বাহার উদ্দিন বাহার, অভিভাবক সদস্য সাংবাদিক রবিউল হক রবি ও সদস্য মজিবুল হক প্রমুখ।
এদিকে নুসরাত হত্যার প্রতিবাদের তার নিজ উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আজিজুল হক মায়মুনারা উচ্চ বিদ্যালয়, আল জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ও সদর ইউনিয়নের চর খোন্দকার আফছার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা মানববন্ধন করেন। এসব মানববন্ধন থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
খাগড়াছড়ি: আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে এবং দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকার এ মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
নেত্রকোনা: সিরাজ উদ-দৌলাসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলা কাইলাটি ইউনিয়ন নেটওয়ার্ক দল মানববন্ধন করেছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনের সড়কের এ কর্মসূচীতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়িতদের শাস্তির দাবিতে একাট্টা প্রকাশ করেন।
লালমনিরহাট: অভিযুক্ত সিরাজ উদ-দৌলার ফাঁসির দাবিতে কালীগঞ্জের চাপারহাটে মানববন্ধন হয়েছে। শনিবার উপজেলা ছাত্র ইউনিয়ন আয়োজিত চাপারহাট নৌকার মোড়ের মানববন্ধনে চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নীলফামারী: হত্যাকারীদের শাস্তির দাবিতে ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শনিবারে জটুয়াখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধন করে। এতে শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।