জনপ্রিয় শিল্পী ও সুরকার লাকী আখন্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। শিল্পীর ভক্ত ও স্বজনরা নিজেদের উদ্যোগে দিনটি স্মরণ করবে। ১৯৫৬ সালের ১৮ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন এ শিল্পী। সফট্ মেলোডি, মেলো-রক, হার্ড-রক যেটাতেই তিনি হাত দিয়েছেন সেখানেই দেখিয়েছেন জাদু। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছে সংগীতে হাতেখড়ি। ১৪ বছর বয়সে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। তার সুর ও সংগীতায়োজনে জনপ্রিয় কিছু গান হলো ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কে বাঁশি বাজায়রে’।