দেশের কারিগরি শিক্ষার প্রসারে প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ‘সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মান বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ১১০টি উপজেলায় প্রত্যেকটিতে একটি করে প্রশিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। সেই কাজের অংশ হিসেব ৯০টি স্থানে জমি অধিগ্রহণ করা হয়েছে।’
গতকাল শনিবার দুপুরে স্থানীয় দৈনিক আজাদী আয়োজিত ‘শিক্ষায় চট্টগ্রাম : একগুচ্ছ প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সরকারি স্কুলের সংকট, শিক্ষকদের পদায়ন, দুর্বল পাঠদান, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, ‘শিক্ষাবোর্ড জনবল সংকটে জর্জরিত। আমরা চাই লোকবল বাড়িয়ে শিক্ষাবোর্ডের কার্যক্রম ত্বরান্বিত হোক। তাহলে এ অঞ্চলের শিক্ষার দায়িত্ব পালনে বোর্ড সংশ্লিষ্টরা অধিক দায়িত্ব নিতে পারবে।’
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, মাউশির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া প্রমুখ।