ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন না সৌম্য সরকার। বড় ইনিংস খেলতে না পারার অপেক্ষার অবসান হলো তার। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগুনে ব্যাটিংয়ে হাঁকিয়েছেন অনবদ্য এক সেঞ্চুরি। তাতে রানের পাহাড় গড়েছে আবাহনী।
রোববার বিকেএসপির তিন নম্বর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সৌম্য। ৩৯ বলে পূর্ণ করেন অর্ধশতক। পরের পঞ্চাশ পূর্ণ করেন আরও দ্রুত সময়ে; মাত্র ৩২ বলে। ৭১ বলে ১৪ চার ও দুই ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি।
শেষ পর্যন্ত শুভাশিস রায়ের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়া সৌম্য। উইকেট ছাড়ার আগে ৭৯ ১৫ চার ও দুই ছক্কায় ১০৬ রান করেন এই ওপেনিং ব্যাটসম্যান। অপর ওপেনিং ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমির সঙ্গে গড়েন ১৬৯ রানের জুটি।
৮৩ বলে ৭৫ রান করে উইকেট ছাড়া হন জহুরুল। ব্যাটে ঝড় তুলেছেন বাংলাদেশের বিশ্বকাপ দলের আরেক মুখ মোহাম্মদ মিঠুন। ৩৪ বলে সাত চার ও দুই ছক্কায় অপরাজিত থেকে করেন ৬৪ রান। অন্যদের মধ্যে ওয়াসিম জাফর ৪৬ ও সাব্বির রহমান ৩৩ রান করেন।
ব্যাটসম্যানদের অসাধারণ নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩৭৭ রান করে আবাহনী।
রূপগঞ্জের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও তাসকিন আহমেদ।