শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে ভয়াবহ সিরিজ বোমা হামলায় আহতদের চিকিৎসায় রক্তদান করতে ব্লাড সেন্টারে ছুটে এসেছে মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে রক্ত দিতে ইচ্ছুকদের রীতিমতো লাইন পড়ে গেছে।
বিবিসি জানায়, এ হামলায় হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৫৬ জন। নিহতদের মধ্যে রয়েছে ৩৫ বিদেশি। আহতের সংখ্যা বহু।
রোববার প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ভয়াবহ এ সিরিজ বোমা হামলা হয়।
হতাহতদের রক্ত দিতে ন্যাশনাল ব্লাড সেন্টারে ছুটে যান কলম্বো অধিবাসী উসমান আলী। সেখানে দেখতে পান রক্ত দিতে ইচ্ছুক মানুষের লাইন রুম ছাড়িয়ে বাইরে বারান্দায় চলে এসেছে।
তিনি বলেন, এখানে মানুষের নাম, ব্লাড গ্রুপ এবং মোবাইল নম্বর সংগ্রহ করে সবাইকে ফেরত যেতে বলা হচ্ছে। রক্তের প্রয়োজন হলে ব্লাড সেন্টারের প্রতিনিধিরাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে।
উসমান আলী আরও বলেন, বোমা হামলায় হতাহতদের সাহায্য করতে সবাই ছুটে এসেছে। কে কোন ধর্ম বা জাতির সেটি দেখছে না কেউ। স্বেচ্ছায় মানুষ এগিয়ে এসেছে। আমি অনেককে দেখেছি যারা সিংহলি, তামিল ও ইংরেজি ভাষায় কথা বলছে।
রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় চালানো হয়েছে এ সিরিজ হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া গির্জা। এ ছাড়া শহরের সাংগ্রিলা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত কেউ ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, হামলার ঘটনা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী।
এদিকে হামলার পর পরই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও হামলার আশঙ্কায় বিমানবন্দর, রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী কলম্বোয় সেনা মোতায়েন করা হয়েছে।