শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে ভয়াবহ বোমা হামলা হয় তিনটি গির্জায়। একই সঙ্গে হামলায় হয় তিনটি হোটেলেও।
এএফপি জানায়, এ সিরিজ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৫ বিদেশিসহ ১৫৬ জন। আহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এ হামলার প্রত্যক্ষদর্শী ব্রিটিশ নাগরিক জন টেইলর বিবিসিকে বলেন, ধোঁয়া এবং মানুষজনের ছুটোছুটি দেখে প্রথমে মনে করলাম এটি ফায়ার ড্রিল।
ভাই রবার্টকে দেখতে কলম্বোয় এসেছিলেন তিনি। দুজনেই কিংসবারি হোটেলের কাছে সমুদ্র সৈকতে ড্রাইভিংয়ে যাচ্ছিলেন। সে সময় বোমা বিস্ফোরণ ঘটে হোটেলটিতে।
জন বলেন, “আমরা একটা কি দুইটা বিকট আওয়াজ শুনলাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি। খেয়াল করলাম, অনেক মানুষ মোবাইল ফোন কানে ছোটাছুটি করছে। অ্যাম্বুলেন্সের শব্দ পেলাম তখন।”
তিনি বলেন, “আমি তখন কিংসবারির ছবি তুললাম। কাচের আয়না ভেঙে পড়েছে। হোটেলের কিচেন থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।”
রবার্ট জানান, সিনামন গ্র্যান্ড হোটেলের ৫০০ মিটার দূরত্বে ছিলেন তারা দুজন। হোটেলটিতেও বোমা হামলা চালানো হয়।