শ্রীলঙ্কায় দুই বাংলাদেশি নিখোঁজ

শ্রীলঙ্কায় বোমা হামলার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না। কলম্বোর হোটেল ও হাসপাতালগুলোতে তাদের খোঁজ করা হচ্ছে। রোববার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তাৎক্ষণিকভাবে ওই দুজনের নাম পরিচয় প্রকাশ না করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করে তাদের পরিবারকে জানানো হবে।’

শাহরিয়ার আলম বলেন, চারজন বাংলাদেশির একটি দল কলম্বো গিয়েছিল টুরিস্ট হিসেবে। তাদের মধ্যে দুজন ঠিকঠাক থাকলেও শিশুসহ দুজনের খোঁজ পাওয়া যায়নি।

রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত ৩৫ জন বিদেশিসহ ১৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশিদের তথ্য পাওয়ার সুবিধার জন্য কলম্বোয় বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মত মাহমুদা বেগমকে ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশি কারও কোনো সহযোগিতা বা তথ্যের প্রয়োজন হলে +94712406313 নম্বরে ফোন করে মাহমুদার সঙ্গে কথা বলতে পারবেন।