শ্রীলঙ্কায় ১৩ কোটি মানুষ মরার খবর দিলেন ট্রাম্প!

স্বভাবে তিনি ‘টুইটবাজ’। যখন-তখন টুইট করে আলোচনায় আসেন হরহামেশা। এবার শ্রীলঙ্কায় হামলার ঘটনা নিয়ে আগের সব আলোচনাকে ছাড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল করে টুইটে দাবি করেন, দেশটিতে ১৩ কোটি ৮০ লাখ মানুষ মারা গেছে!

ট্রাম্পের এই টুইট চোখের পলকে ভাইরাল হয়ে যায়। ‘চতুর’ ট্রাম্পও সেটি বুঝতে পেরে ডিলিট করে দেন। পরে নতুন করে আবার টুইট করেন।

রোববার দিনের শুরুতে শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। ভয়াবহ এই আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা ১৯০তে গিয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প যখন টুইট করেন, তখন মৃতের সংখ্যা ছিল ১৩৮। সেটি লিখতে গিয়েই মূলত ১৩৮ মিলিয়ন লিখে ফেলেন।

ট্রাম্প বলেন, ‘চার্চে ভয়াবহ হামলায় ১৩৮ মিলিয়ন মানুষ মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শ্রীলঙ্কার মানুষের জন্য গভীর সমবেদনা। আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত।’

এই টুইট ডিলিট করে দ্বিতীয় টুইটে সংখ্যা ঠিক করে লেখেন তিনি।