মেহের আফরোজ শাওন একাধারে পরিচালক, অভিনেত্রী এবং গায়িকা। বহুদিন পর তিনি কণ্ঠ দিলেন নতুন একটি মৌলিক গানে। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদের প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ এবং মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি। গানটির শিরোনাম ‘ইলশে গুঁড়ি’। গানটি লিখেছেন জুলফিকার রাসেল, দুই বাংলার জনপ্রিয় শিল্পী সুরকার নচিকেতার সুরে গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলি। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ২২ এপ্রিল মুক্তি পাচ্ছে গানটির ভিডিও।
মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, শাওন নিজেই এই ভিডিওতে পর্দার সামনে এসেছেন বহুদিন পরে।
নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন- ‘এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান । এতে প্রকৃতিতে ফিরে যাওয়ার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হওয়ার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।’
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, ২২ এপ্রিল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ইলশে গুঁড়ি’ গানটির ভিডিও।পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।