চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ‘ট্রাফিক পক্ষ-২০১৯’ পালনকালে যাত্রী এ পথচারীদের কানে ধরানোসহ হেডফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ হাযারী শনিবার এমনটা করেন বলে ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে জানা যায়।
এ সময় তিনি যাত্রী ও পথচারীদের শেষবারের মতো সতর্ক করে মোবাইল ফোন ফেরত দিলেও হেডফোন গাড়ির চাকার নিচে পিষ্ট করে নষ্ট করে ফেলেন বলেও অভিযোগ ওঠে।
এছাড়া এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না পড়ায় কান ধরাতে দেখা যায় তাকে।
হারুন-অর-রশিদ হাযারী কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, সড়কের দুর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া গাড়ি চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ি চালান, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে এসব করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ আয়োজিত এ পক্ষ ৩০ এপ্রিল শেষ হবে।