শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য প্রয়োজন দাঁড়াল ২৬ রান। মহেন্দ্র সিং ধোনির তিন ছক্কা ও এক চারে শেষ বলে দলটির জয়ের সমীকরণ দাঁড়ায় ২ রানের। কিন্তু শেষ বলে থ্রিলার জিতে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শেষ বলটা ব্যাটেই লাগাতে পারলেন না ধোনি। রান নিতে গিয়ে রান আউট হয়ে যান শার্দুল ঠাকুর। ধোনি অপরাজিত থেকে গেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাইকে।
রোববার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ১ রানে জয় পায় বেঙ্গালুরু। নিজেদের মাঠে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করেছিল বেঙ্গালুরু। জবাবে চেন্নাইয়ের ইনিংস থামে ৮ উইকেটে ১৬০ রানে।
যত নাটক হয়েছে এদিন চেন্নাইয়ের ব্যাটিংয়ে। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেল স্টেইনের বোলিং তোপে প্রথম ওভারেই শেন ওয়াটসন ও সুরেশ রায়নার উইকেট হারায় চেন্নাই। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটিই ঘুরে দাঁড়ায় ধনির ব্যাটে। ২৯ রান করে ধোনিকে সমর্থন দেন অম্বতি রাইডু।
শেষ দুই ওভারে ৩৬ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। নভোদ্বিপ সাইনির ১৯তম ওভারে ১০ রান নিতে পারে চেন্নাই। শেষ বলে হারায় ব্রাভোকে। তাতে শেষ ওভারে কঠিন সমীকরণ দাঁড়ায় চেন্নাইয়ের সামনে।
ধোনির ক্ল্যাসিকে প্রায় সেটি টপকেই যাচ্ছিল চেন্নাই। শেষ পর্যন্ত অবশ্য ভাগ্যের কাছেই যেন হারল দলটি। তিনটি ছক্কা ও একটি চার হাঁকানোর পর শেষ বলটিতে ব্যাটই লাগাতে পারলেন না ধোনি। ৪৮ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থেকে যান চেন্নাই অধিনায়ক। রান ১ রানে রান আউট হন শার্দুল ঠাকুর।
এর আগে পার্থিব প্যাটেলের ফিফটিতে লড়ার পুঁজি গড়ে বেঙ্গালুরু। ৩৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করেন প্যাটেল। এবি ডি ভিলিয়ার্স ১৯ বলে ২৫ ও মইন আলি ১৬ বলে ২৬ রান করেন। আকাশদীপ নাথ ২৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন পার্থিব প্যাটেল।