রাজনীতিতে অজ্ঞ কৌতুকাভিনেতাই ইউক্রেনের প্রেসিডেন্ট

রাজনীতিতে আনাড়ি কৌতুকাভিনেতা ভলদেমার জেলনস্কিই শেষ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন। দ্বিতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি বিপুল ভোটে হারিয়েছেন।

এবার দেশটির নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৯ জন। প্রথম দফার ভোটে একজনও ৫০ শতাংশ ভোট পাননি। পরে নিয়ম অনুযায়ী শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী নিয়ে ২১ এপ্রিল দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুই দফার ভোটে ৪১ বছর বয়সী জেলনস্কি ৭৩ শতাংশ ভোট পান।

প্রথম দফায় ভোট পড়ে ৬৩ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে জেলনস্কি ৩০ দশমিক ০৮, পিত্রো পরাশেনকা ১৬ দশমিক ৬৫, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেনকো ১৩ দশমিক ৩৮, ইউরি বয়কা ১১ দশমিক ৪০, আনাতোলি হ্রিশেনকা ৬ দশমিক ৯২, ইকহোর মিশকো ৫ দশমিক ৮২, আলে লিয়াশকো ৫ দশমিক ৩৩ শতাংশ ভোট পান।

এই জেলনস্কি একটি টিভি শোতে কাল্পনিক প্রেসিডেন্ট চরিত্রেও অভিনয় করেছেন।

ব্যঙ্গাত্মক টিভি শো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’–এ তার ভূমিকা ছিল একজন সাধারণ ব্যক্তির, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দেশটির প্রেসিডেন্ট হন। আজ সেই তিনি সত্যিকারের প্রেসিডেন্ট!

জয় নিশ্চিত হওয়ার পর আপ্লুত এই অভিনেতা বলেন, ইউক্রেনের মানুষদের তিনি ঠকাবেন না।