শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত আছেন আরও পাঁচ শতাধিক।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার হতাহতের এই হালনাগাদ তথ্য জানানো হয়।
রোববার ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হামলায় ৩৫ জন বিদেশি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডাচ এবং ভারতীয় নাগরিক রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় চালানো হয়েছে এ সিরিজ বোমা হামলা।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী কলম্বো থেকে ২০ মাইল উত্তরের শহর নেগোম্বোতে সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রথম হামলাটি চালানো হয়। এরপর একে একে আরও দুটি গির্জা ও তিনটি হোটেলে সমন্বিত এই বোমা হামলা চালানো হয়।
পরবর্তীতে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গভীর রাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করে বিমানবাহিনী।
এখন পর্যন্ত কেউ ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনার সঙ্গে ‘আন্তর্জাতিক সংশ্লিষ্টতা’ আছে বলে সরকারি সূত্রগুলো ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানায়।
এদিকে হামলার পর পরই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও হামলার আশঙ্কায় বিমানবন্দর, রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানী কলম্বোয় সেনা মোতায়েন করা হয়েছে। রাতে জারি করা হয় কারফিউ।