মন্দিরের কয়েন বিতরণ অনুষ্ঠানে গিয়ে পদদলিত হয়ে চার নারীসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথাইয়াপালায়াম গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জিনিউজ জানায়, এদিন গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন কয়েকশে’ মানুষ। এই অনুষ্ঠানে কয়েন বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
মন্দিরের পদিকাসু অনুষ্ঠানে কয়েন বিতরণ শুরু হতেই তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে মন্দির চত্বর আহত মানুষদের ভিড়ে ভরে যায়।
জানা গেছে, মন্দিরে কয়েন বিতরণ একটি মূল অনুষ্ঠান। ওইসব কয়েন ভক্তরা বাড়িতে রেখে দেন। তাদের বিশ্বাস- এতে তাদের সংসারে সমৃদ্ধি আসবে।
এদিকে হতাহতের ঘটনার জন্য পুলিশকে দায়ী করছে মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, এ ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মোদি। পাশাপাশি ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।