ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে সফিকুল ইসলাম সুমন (২২) এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সাফিরুল ইসলামের ছেলে।
বিএসএফ মাসুদ রানা (২০) নামে আরেক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায় বলেও জানায় স্থানীয়রা। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।
জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে সুমন, মাসুদসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। তার লাশ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। মাসুদকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী বলেন, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে সুমনের মরদেহ পড়ে আছে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে। এর পর তারা পরিবারের কাছে হস্তান্তর করবে।