শ্রাবন্তীর জন্য সাবেক স্বামীর শুভ কামনা

সম্প্রতি কেবিন ক্রু রোশান সিংকে বিয়ে করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদি এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, ১৯ মে রোশানের বাড়ি চণ্ডীগড়ে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। কলকাতায় ফিরে নব দম্পতি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।

শ্রাবন্তীর তৃতীয়বার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনেকে বাজে মন্তব্য করছেন। নানা ধরনের মিম তৈরি করে ফেসবুক ও টুইটারে পোস্ট করেছেন কেউ কেউ।

এরই মাঝে সাবেক স্ত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস। তিনি শ্রাবন্তীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তার সঙ্গে বিবাহিত জীবন সুখের না হলেও নায়িকা যে খারাপ সে কথা বলতে নারাজ রাজীব।

তিনি জানান, শ্রাবন্তী মানুষ হিসাবে ভীষণই ভালো, জীবনে সুখী হোন এটাই তিনি চান। তবে এবার শ্রাবন্তী যেন আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সেটাই প্রার্থনা করেছেন।

২০০৩ সালে রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। ১৩ বছর পর ২০১৬ সালে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তাদের ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে।

বছর দেড়েক আগে মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী, তবে সেই সম্পর্ক তিন মাসের বেশি টেকেনি। অন্যদিকে রাজীব এখনো একা।