জুরাইনের পানি দিয়ে ওয়াসার এমডির জন্য শরবত বানানোর কর্মসূচি

রাজধানীর জুরাইনে সরবরাহকৃত পানি দিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের জন্য শরবত বানানোর উদ্যোগ নিয়েছেন এক যুবক।

তিনি তার ফেসবুকে শনিবার রাতে স্ট্যাটাসে বলেন, ‘ওয়াসার এমডির জন্য জুরাইনের ওয়াসার পানি দিয়ে লেবুর শরবত বানাইয়া ওনার অফিসে ওনার অফিসে যাওয়ার প্রস্তাব রাখছি জুরাইনবাসীর কাছে...'।

স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’ -এমডি, ঢাকা ওয়াসা। এই কথার ন্যূনতম প্রতিক্রিয়া স্বরূপ ঢাকার প্রতিটা পাড়া মহল্লায় আওয়াজ উঠুক।

শনিবার ঢাকা ওয়াসার এমডি তাদের সরবরাহ করা পানিকে শতভাগ নিরাপদ বলে দাবি করেন। এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে ওয়াসার পানিকে দূষিত বলা হয়।

এরপর মিজানুর ওই স্ট্যাটাস দেন।

তিনি মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসা ভবনে সকাল ১১টায় শরবত নিয়ে যাবেন বলে দেশ রূপান্তরকে জানান।

তার সঙ্গে যেতে জুরাইনের কয়েকজন বাসিন্দা রাজি হয়েছেন। তবে কেউ না গেলেও তার স্ত্রী এ কর্মসূচির সঙ্গী হবেন বলে রোববার সন্ধ্যায় জানান মিজানুর।

এর আগে ওয়াসা বরাবর জুরাইনের দূষিত পানির অভিযোগ জানিয়ে নিয়ে এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।