স্বপ্না-কৃষ্ণার গোলে এগিয়ে বাংলাদেশ

আক্রমনাত্মক ছকে খেলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরুতেই গোল আদায় করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলের পর ৩০ মিনিটে গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। তাতে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। এই রিপোর্ট লেখার সময় ৩৫ মিনিটের খেলা চলছিল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হয় দুই দলের লড়াই। এ ম্যাচ দিয়েই মাঠে গড়াল প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এটিই মেয়েদের প্রথম কোনো বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট। শুধু বাংলাদেশই নয়, এই অঞ্চলেই এমন টুর্নামেন্ট প্রথম। ছয় দেশের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলকে নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।

আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপের তিন দল- মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে কিরগিজস্তান।

এদিন কিক অফের পর মুহূর্তেই আক্রমণের শুরু বাংলাদেশের। শুরুতে অফ সাইটের কারণে বেশ কটি আক্রমণ বৃথা যায় বাংলাদেশের। ১২ মিনিটে ডিফেন্ডার আঁখি খাতুনের লম্বা করে বাড়ানো বল অফ সাইডের ফাঁদ ভেঙে দারুণ দক্ষতায় জালে জড়ান স্বপ্না।

১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে পারেননি স্বপ্না। ৩০ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা লাড়িয়ে জালে জড়ান কৃষ্ণা।

বাংলাদেশ এ ম্যাচে একাদশ গড়েছে ৫ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার, দুই ফরোয়ার্ নিয়ে। শুরুর একাদশে জায়গা হয়নি রক্ষণের অন্যতম তারকা মাসুরা পারভীনের। অধিনায়ক মৌসুমীকে এ ম্যাচে খেলানো হচ্ছে মিডফিল্ডার হিসেবে। তবে শুরু থেকেই আক্রমণ ভাগে খেলছেন তিনি।

ডিফেন্সের শামসুন্নাহার, আঁখি খাতুন দুজনই ওভার ল্যাপ করে উপরে ওঠে খেলেন। এ ম্যাচে মধ্যমাঠে থাকছেন মনিকা চাকমা, সানজিদা ও মারিয়া মান্ডা। আর ফরোয়ার্ড লাইনে স্বপ্না ও কৃষ্ণা। সবমিলে শক্তিশালী আক্রমণাত্মক ছকে দল সাজিয়েছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ একাদশ:

রূপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নার্গিস খাতুন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মিসরাত জাহান মৌসুমী (অধিনায়ক), সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, আঁখি খাতুন।