স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও দিল ২ কিশোর

দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ফেসবুকে দিল দুই কিশোর। ফরিদপুরের সালথায় এ ঘটনা ঘটেছে।

সালথা থানা পুলিশ এ অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের শাকিল ও তার বন্ধু জাবের মাতুব্বর ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। ধর্ষণকালে এ কথা কাউকে জানালে ওই মেয়েসহ তার মা বাবা ও পরিবারের সবাইকে খুন করে ফেলবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে যায়।

ধর্ষক দুই কিশোর পরবর্তীতে সে ভিডিও নিজেরা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বাধ্য হয়ে মেয়েটি তার অভিভাবককে ঘটনাটি জানায়। 

ভুক্তভোগী মেয়েটির ভাই বলেন, গত ৫ এপ্রিল রাত ৯টার দিকে শাকিল ও জাবের তার বোনকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করে। পরে সে ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়লে আমরা বোনকে চাপ প্রযোগ করলে সব খুলে বলে।

এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শাকিলকে গ্রেফতার করেছে।