সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাসহ চারজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক হামলায় মুক্তিযোদ্ধা এবং যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গত শনিবার রাতে যুবদল নেতা ও রবিবার রাতে জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় মুক্তিযোদ্ধাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়।

আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর সোনারগাঁ থানায় যুবদল নেতার স্ত্রী ফারজানা আক্তার ও মুক্তিযোদ্ধা দেওয়ানউদ্দিন চুন্নু অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।