আফগান দলে চমক হামিদ হাসান

বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে আগামী ৩০ মে থেকে। গতকাল নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান। সমালোচনার পরও গুলবাদিন নাইবকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। তবে দলে আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান। আফগানিস্তান বিশ্বকাপ দলে চমক বলতে হামিদ হাসান। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন তিনি।

২০১৬ সালের জুনে সবশেষ ওয়ানডে খেলেন ডানহাতি পেসার হামিদ। ৩১ বছর বয়সী অভিজ্ঞ এই খেলোয়াড় এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে নিয়েছেন ৫৬ উইকেট। এর আগে গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি হামিদ। বিশ্বকাপ দল ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকায় ২৩ জন খেলোয়াড়কে নিয়ে ট্রেনিং ক্যাম্প করে আফগানিস্তান।

আফগান দল : গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব উর রহমান।