ঢাবির বিজয় ৭১ হলে জিএসের সামনেই ছাত্রকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নাজমুল হাসান নিশানের উপস্থিতিতে একই হলের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। গত রবিবার মধ্যরাতে প্রথম বর্ষের ছাত্র জুবায়ের হোসেন জিদ্দাকে মারধর করা হয়। তিনি সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জুবায়ের বলেন, ‘ঘাড় ধাক্কা দিয়ে মিনি গেস্টরুমে নিয়ে হলের জিএস নিশানের উপস্থিতিতে তোফায়েল আমার গায়ে হাত তোলে।’ তোফায়েল হল ছাত্রলীগের উপসম্পাদক এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে জিএস নিশান বলেন, ‘বিষয়টা ঘটার সময় আমি ছিলাম না। আমার অনুপস্থিতিতে এটি ঘটেছে।’ শিক্ষার্থীরা জানায়, জুবায়ের ছাত্রলীগের কর্মী, তার বাড়ি ঝিনাইদহে। অন্যদিকে হলের জিএস নিশানের বাড়িও একই জেলায়। তারা ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী। জুবায়ের হলে ছাত্রলীগ নেতা রাজিবের অনুসারী। নিশান হল সংসদের নেতা হওয়ার পর তাদের মধ্যে গ্রুপের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।

এ ব্যাপারে ডাকসুর এজিএস ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘এটা যদি ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। এর বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।’ এ ব্যাপারে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।