সাংবাদিক মাহফুজ উল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

সাংবাদিক মাহফুজ উল্লাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ৬৯ বছর বয়সী এই সাংবাদিক ও লেখক থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। তার বড় ভাই অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা জানতে পেরেছি সে (মাহফুজ উল্লাহ) রাতে তার পাশে থাকা মেয়ের ডাকে চোখ মেলে তাকিয়ে ছিল।’

এদিকে মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে গণমাধ্যমে শোকবার্তা পাঠানোয় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার রাতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাহফুজ উল্লাহ রবিবার সকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ওই সংবাদের ওপর ভিত্তি করে বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে জানা যায়, মাহফুজ উল্লাহ মৃত্যুবরণ করেননি, তবে তার অবস্থা সংকটাপন্ন। এই অনাকাক্সিক্ষত ভুলের জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন মাহফুজ উল্লাহকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।’

এর আগে গত রবিবার বিকেলে মাহফুজ উল্লাহ মারা গেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করেন। বামরুনগ্রাদ হাসপাতালে থাকা তার মেয়ে নুসরাত হুমায়রা বলেন, ‘বাবা বেঁচে আছেন। বাবার পাশেই আমি বসে আছি।’