সংসদে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংসদে যোগদানের বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত নিতে পারেননি তারা। বৈঠকে স্কাইপের মাধ্যমে সংযুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক সংসদ সদস্য।
বৈঠকের শুরুতে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান। পরে এসে যোগ দেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।