মেয়েকে রেহাই দিতে সাংবাদিকদের প্রতি আকুতি কাজলের

অভিনেতা-অভিনেত্রীদের ছেলেমেয়েরা ক্যারিয়ারে তাদের বাবা-মায়ের পথেই হাঁটবেন এটাই স্বাভাবিক। এর মধ্যেই বলিউডের অনেক তারকার ছেলেমেয়েই বলিউডে ডেভিউ করেছেন। অনেকে প্রস্তুতিও নিচ্ছেন।

তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণের মেয়ে কবে বলিউডে আসছেন তা জানার জন্য ভক্ত ও সাংবাদিকরা মুখিয়ে আছেন।

এই প্রশ্ন শুনতে শুনতে অভিনেত্রী কাজল বিরক্ত।

এ ব্যাপারে কাজল বলেন, “নাইসা তারকার সন্তান ঠিকই, কিন্তু এবার সাধারণ মানুষ এবং মিডিয়া দয়া করে ওকে একটু নিজের মতো করে বাঁচতে দিক।”

মুম্বাইয়ে ২০১৯ সালের দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন কাজল। মেয়ে নাইসা দেবগণ কবে বলিউডে ডেবিউ করবেন- জানতে চাইলে এমন মন্তব্য করেন অভিনেত্রী।

অভিভাবকদের তারকা স্ট্যাটাসের জন্য সন্তানদের ভবিষ্যৎ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে কাজল ও অজয় দেবগণ মাঝেমধ্যেই সোচ্চার হন।

নাইসার ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে কাজল বলেন, “ওর এখন মাত্র ১৬ বছর বয়স। আমার মনে হয় মিডিয়া এবং জনতা ওকে একটু নিজের মতো করে থাকতে দিলে ভালো হয়। সম্প্রতি নাইসা নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছে। এখন সে দশম শ্রেণীতে পড়ে এবং নিজের বোর্ড এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

কাজলকে শেষবার দেখা গেছে ‘হেলিকপ্টার ইলা' সিনেমায়। সেখানে তার সঙ্গে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। তবে সেই সিনেমাটি বক্স অফিসে খুব বেশি চলেনি।