ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানকে তার দাবি করা সুপেয় পানির শরবত খাওয়াতে হাজির হয়েছেন রাজধানীবাসী।
দুই দিন আগেই সংবাদ সম্মেলন ডেকে ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ ও সুপেয় দাবি করেন ওয়াসার এমডি। সেই ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত এমডিকে পান করাতে ওয়াসা ভবনে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ নগরবাসী।
ওয়াসার এমডিকে শরবত পান করানোর এ কর্মসূচির ডাক দিয়েছিলেন রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান। তার ডাকে বেশ কিছু এলাকা থেকে লোকজন ওয়াসা ভবনে জড়ো হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের উল্টো দিকের বিএফডিসি ভবনের নিচে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দা। সঙ্গে করে তারা নিয়ে এসেছেন ওয়াসার ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত।
কর্মসূচি পালন করতে আসা এক ব্যক্তি বলেন, “ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ কর্মসূচির কথা ছড়িয়ে পড়ার কারণেই তারা কেউ অফিসে আসছেন না।”
তবে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে আসা রাজধানীবাসী জানান, তারা বিকেল ৪টা পর্যন্ত এমডি’র জন্য অপেক্ষা করবেন।”
মিজানুর রহমান অভিযোগ করেন, “আমার এলাকায় ওয়াসার লাইন দিয়ে নর্দমার পানি আসে। দুর্গন্ধযুক্ত সেই পানি পান করা যায় না। অথচ ওয়াসার এমডি বলেন, শতভাগ বিশুদ্ধ। তাই উনার বিশুদ্ধ পানি দিয়ে উনাকে শরবত খাওয়াতে চাই।”
শনিবার ঢাকা ওয়াসার এমডি তাদের সরবরাহ করা পানিকে শতভাগ নিরাপদ বলে দাবি করেন। এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে ওয়াসার পানিকে দূষিত বলা হয়।
এরপর মিজানুর ফেসবুকে ওই কর্মসূচির ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার সঙ্গে যেতে জুরাইনের কয়েকজন বাসিন্দা রাজি হন।
এর আগে ওয়াসা বরাবর জুরাইনের দূষিত পানির অভিযোগ জানিয়ে নিয়ে এলাকাবাসীর স্বাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।