গো-মূত্র পান করে ব্রেস্ট ক্যান্সারমুক্ত হয়েছি: বিজেপি নেত্রী সাধ্বী

গরুর মূত্র পান করে এবং এর থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী ব্যবহার করে নিজের দুরারোগ্য ক্যান্সার ভালো হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।

ইন্ডিয়া টুডে টিভিতে এক সাক্ষাৎকারে এমনটা দাবি করেন এই বিজেপি নেত্রী।

ইন্ডিয়া টুডে জানায়, ২০০৬ সালে মহারাষ্ট্রের মালেগাও সিরিজ বোমা হামলায় অভিযুক্ত কট্টরপন্থী এ হিন্দু নারী এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী।

সাক্ষাৎকারে গরুকে ঘিরে রাজনীতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সাধ্বী প্রজ্ঞা বলেন, “অনেক জায়গায় গরুর প্রতি যেভাবে আচরণ করা হয়, এটা খুব বেদনাদায়ক।”

এসময় তিনি গরু এবং এর থেকে উৎপাদিত পণ্য কতভাবে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, সেটি বর্ণনা করেন। এ বিজেপি নেত্রী জানান, গো-মূত্র খেয়ে তিনি ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন।

মধ্যপ্রদেশের ভোপাল আসনের প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বলেন, “আমি স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলাম। গো-মূত্র পান করে আমি সুস্থ হয়ে গিয়েছি।”

এক্ষেত্রে গরুর গোবর, মূত্র, দুধসহ পাঁচটি জিনিস দিয়ে উৎপাদিত পণ্যও ক্যান্সার নিরাময়ে কাজ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্যান্সার প্রতিষেধক হিসেবে একে তিনি পুরোপুরি বৈজ্ঞানিক বলে দাবি করেন। তিনি বলেন, “আমিই এর জীবন্ত এক উদাহরণ।”

এছাড়া তিনি দাবি করেন গরুর শরীরে নিয়মিত ঘর্ষণ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তিনি বলেন, “প্রতিদিন গরুর পেছনের অংশ থেকে ঘাড় পর্যন্ত মালিশ করলে আপনার রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকবে।”