দরকষাকষির ঐতিহ্য আওয়ামী লীগের: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দরকষাকষির ঐতিহ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে। বিএনপি’র এমন কোনো ঐতিহ্য নেই। আওয়ামী লীগের যেসব নেতা জানেন না তারা তাদের নেত্রীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির দরকষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে’ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবেই জনগণের নিকট প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি, কোনো স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করেননি’। 

তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যে যাবে, সে জাতীয় বেঈমান হবে বলে আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন। অথচ এমন কথা বলে দরকষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ’।

রিজভী বলেন, ‘রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্দোষ খালেদা জিয়াকে যেভাবে বন্দী করে রাখা হয়েছে সেটিই ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ গণতন্ত্র ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া শেখ হাসিনার কারাগারে বন্দী। দেশের প্রতিটি মানুষ জানে এবং বিশ্বাস করে খালেদা জিয়া নির্দোষ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহিদা রফিক, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।