রানা প্লাজা ধসের ছয় বছরে পোশাক খাতের ব্যবসা টিকিয়ে রাখার বিষয়টি যতটা গুরুত্ব পেয়েছে, শ্রমিকের কল্যাণ ততটা গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার রানা প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে তৈরি পোশাক খাতে ‘সুশাসন, অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, পোশাক খাতে অনেক অগ্রগতি হলেও প্রতিটি ক্ষেত্রেই ঘাটতি রয়ে গেছে। শ্রমিকদের অধিকারের বিষয়টি পর্যাপ্ত দৃষ্টি পাচ্ছে না। ন্যূনতম মজুরি বৃদ্ধির মধ্যে শুভংকরের ফাঁকি রয়ে গেছে। বাস্তবে মজুরি কমে গেছে বলে ধারণা করা হতো। আমাদের প্রতিবেদনেও তা ওঠে এসেছে। আগের তুলনায় ২৬ শতাংশ মজুরি কমে গেছে। সেটি তো বাড়েইনি বরং যারা আন্দোলন করেছে তাদের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক পরিসংখ্যান তুলে ধরে টিআইবি জানায়, ২০১৩ সালের ঘোষিত মজুরি অনুযায়ী প্রথম গ্রেডে ছিল ৮ হাজার ৫০০ টাকা। চলতি বছরের ১৪ জানুয়ারি ঘোষিত প্রথম গ্রেডে নতুন মজুরি করা হয়েছে ১০ হাজার ৯৩৮ টাকা। কিন্তু ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ ২৫ ডিসেম্বর ২০১৮ সালে মজুরি হওয়ার কথা ছিল ১৩ হাজার ৩৪৩ টাকা। সেই হিসেবে মজুরি ২ হাজার ৪০৫ টাকা বা ২৮ শতাংশ কমেছে। এভাবে নতুন কাঠামোতে প্রত্যেক গ্রেডে মজুরি কমেছে। আর সার্বিকভাবে হিসাব করলে কমেছে ২৬ শতাংশ। মজুরি বৈষম্য নিয়ে আন্দোলন করায় ৫ হাজার শ্রমিককে আসামি করে ৩৫টি মামলা করা হয়েছে। ১৬৮টি কারখানায় ১০ হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে।
টিআইবি দাবি, ইপিজেড শ্রম অধ্যাদেশ ২০১৯ জারি হলেও শ্রমিক অধিকার নিশ্চিতে এখনো আইনি সীমাবদ্ধতা বিদ্যমান রয়েছে। এ ছাড়া শ্রমিকের চাকরিচ্যুতি, ক্ষতিপূরণ ব্যবস্থা, দুর্ঘটনার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, সংগঠন করার অধিকার, অসুস্থতার জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। পোশাক খাতে বিভিন্ন সমস্যা সমাধানে মালিক, সরকার ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় কাউন্সিল কার্যকর ভূমিকা রাখছে না।
সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা তুলে ধরেন গবেষক নাজমুল হুদা মিনা। এতে ছয় বছরে পোশাক খাত ও রাষ্ট্রীয় সংস্থার সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। অনেক ঘাটতিও উঠে আসে প্রতিবেদনে।
সংবাদ সম্মেলনে আরও অংশ নেন, সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা ও উপ-প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তফা কামালসহ টিআইবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।