জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ তারিখ সোমবার হতে বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন, জেলা ছাত্রকল্যাণ পরিষদ সহ কোন সংগঠন বিশ্ববিদ্যালয়ের সভা, সমাবেশ অথবা ছাত্র জমায়েত করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে মারামারি ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করছে কত দিন এ নিষেধাজ্ঞা থাকবে।
বিভিন্ন সময় ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে মারামারি মতো ঘটনা ঘটে। গত ১৯ ফেব্রুয়ারি প্রেম ঘটিত কারণে ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে মারামারি হয়। এবং কেন্দ্রীয় ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে দেয়। এর পর হতে নতুন কমিটিতে পদ প্রত্যাশী প্রার্থীরা বিভিন্ন সময় ছাত্র সংগঠনের নামে মিছিল মিটিং করছে। যে কোন সময় এদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে আশঙ্কা রয়েছে।