চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত বিজ্ঞানমেলায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. আদিয়ান ও তার সহপাঠী মো. আরিয়ান এনেছে নিজেদের আবিষ্কৃত ‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন’ পদ্ধতি। চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সমাজবিজ্ঞান অনুষদে এ আয়োজনে সারা দেশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা অংশ নেয় ও ২৪টি প্রকল্প প্রদর্শন করে। এগুলোর অধিকাংশই তৈরি করা হয়েছে অগ্নিকা- ও এর ক্ষয়ক্ষতি হ্রাসের ধারণা মাথায় রেখে।
নিজেদের আবিষ্কারের বিষয়ে খুদে বিজ্ঞানী আদিয়ান জানায়, আমাদের দেশে বিদ্যুৎ ট্রান্সমিশনে যে তারগুলো ব্যবহার করা হয় সেগুলো ক্ষতিকর। এতে বিভিন্ন সময় শর্টসার্কিটের কারণে অগ্নিকা- ঘটে। এসব বন্ধে ‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন’ পদ্ধতি অনেক বেশি কার্যকর। বিজ্ঞানী নিকালো টেসলার তারবিহীন বিদ্যুৎ পরিবহনের ধারণা অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে।
গতকাল সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে হলে দেশের অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত এবং মানবতার কল্যাণে নতুন আবিষ্কার এবং তা বিশ্ব দরবারে উপস্থাপনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, কম্পিউটার সায়েন্স অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী প্রমুখ।