গত ১১ এপ্রিল আদালতের আদেশ অনুসারে নির্বাচন কমিশন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ২৯ এপ্রিল। ভিন্ন আরেকটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক এ আদেলের কাউন্সিলরশিপ স্থগিত করে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত জানায়। আদালতের আদেশেই এটা করেছিল নির্বাচন কমিশন। এখন আদালতই তারেক আদেলের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আদেলের কাউন্সিলরশিপের স্থগিতাদেশের ওপর আগামী ৬ মে পর্যন্ত স্থগিতাদেশ এনেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারেক আদেলের আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমান। এর ফলে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হতে বাধা রইল না আদেলের।
প্রসঙ্গত, প্রথম বিভাগ লিগের দল শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আদেলের কাউন্সিলরশিপের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিলেন ওই ক্লাবের এক সময়ের সাধারণ সম্পাদক সিকান্দার হায়াত। এর পরিপ্রেক্ষিতে হকি ফেডারেশনের নির্বাচনে আদেশের কাউন্সিলরশিপের ওপর চার মাসের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। ফলে তিনি ভোটাধিকার হারান। গতকাল আপিল বিভাগে এই রায়ের বিপক্ষে আবেদন করলে ওই রায়ের ওপর আগামী ৬ মে পর্যন্ত স্থগিতাদেশ দেয় চেম্বার জজ আদালত।
উল্লেখ্য, তারেক আদেল আসন্ন নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আবদুস সাদেক নেতৃত্বাধীন প্যানেলের হয়ে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন।