তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে সশস্ত্র ফরাসি ‘গোয়েন্দা দল’ আটক

লিবিয়া সীমান্তে ফ্রান্সের সশস্ত্র একটি গোয়েন্দা দলকে আটক করেছে তিউনিসিয়া। তারা লিবিয়া থেকে তিউনিসিয়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। 

আলজাজিরা জানায়, বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারকে সহায়তা দিতে ফ্রান্সের এ গোয়েন্দা দলটি লিবিয়ায় প্রবেশ করছিল বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়া সরকারের সঙ্গে হাফতারের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নিয়ে পশ্চিমাঞ্চলে রাজধানী ত্রিপোলি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে হাফতার গোষ্ঠী।

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে লিবিয়া সীমান্তে তারা ইউরোপীয়দের ২৪ জনের একটি সশস্ত্র দলকে আটকে দিয়েছে। এতে ছিল ১৩ জন ফ্রান্সের নাগরিক। আটক বাকি ১১ জন ইউরোপীয় সমুদ্রপথে নৌকা করে তিউনিসিয়ায় প্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদসহ কূটনৈতিক সুবিধা নিয়ে এইসব ফরাসি নাগরিক তিউনিসিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

আলজাজিরা আটককৃত সশস্ত্র দলটির পাসপোর্টের কপি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, তারা সবাই ফরাসি নাগরিক।

তবে তিউনিসের ফরাসি দূতাবাস দাবি করেছে, আটককৃতরা লিবিয়ায় ফরাসি কূটনৈতিক মিশনের নিরাপত্তা কর্মী। ত্রিপোলি ও তিউনিসের মধ্যকার কর্মীদের নিয়মিত স্থানান্তরের অংশ হিসেবে তারা সীমান্ত পার হচ্ছিল।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)-কে জানায়, “গ্রেপ্তারকৃতরা কূটনৈতিক মিশনের কেউ নন। তারা ফ্রান্সের গোয়েন্দা দল।”

ওই সূত্র বলে, “ফ্রান্সের এমন কর্মকাণ্ড আমাদের সার্বভৌমত্বকে খাটো করে। এভাবে লিবিয়া থেকে তিউনিসিয়ায় আসা যাওয়ার অনেক ঘটনা ঘটছে।”