সৌদিতে ৩৭ জনের শিরশ্ছেদ, খুঁটিতে ঝুলিয়ে লাশ প্রদর্শন

সন্ত্রাসবাদের কথিত অভিযোগ এনে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ড কার্যকরের পর একটি দেহ খুঁটির মধ্যে জনসম্মুখে ঝুলিয়ে রাখা হয়।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, মঙ্গলবার কঠোর শরিয়া অনুশাসনের দেশটি ৩৭ জনের শিরশ্ছেদ করে।

সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার কথিত অভিযোগে তাদের এ শাস্তি কার্যকর করা হয়। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর এ প্রথম বিপুলসংখ্যক মানুষের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হলো। ২০১৭ সালের পর গত তিন বছরে এটিই প্রথম বড় আকারে শিরশ্ছেদের ঘটনা।

বার্তা সংস্থা এপিকে সৌদি সরকারের সমালোচক আলি আল-আহমেদ জানান, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ৩৪ জনই দেশটির শিয়া মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর।

চরমপন্থী মতাদর্শ প্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাদের এ সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বলে রিয়াদ দাবি করে। তবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, প্রহসনমূলক বিচারের মাধ্যমে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।