একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনার আটপাড়ার হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু ও সোহরাব আলী ওরফে সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করে।
রায়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অভিযোগে গণহত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রথম অভিযোগে দুজনকে ১০ বছর, পঞ্চম অভিযোগে সোহরাবকে ১০ বছর আর ছয় নম্বর অভিযোগে দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামি সোহরাব গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও অপর আসামি আঞ্জু এখনো পলাতক।
এছাড়া মামলায় আঞ্জুর ভাই এনায়েত উল্লাহ মঞ্জুকে আসামি করা হলেও বিচার শুরুর আগেই অসুস্থ হয়ে মারা যান তিনি।
রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
এ মামলায় গত ৭ মার্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।