‘ঠিক সময়ে জ্বলে উঠেছে অস্ট্রেলিয়া’

২০১৮ সালটা মোটেও ভালো ছিল না অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জন্য। ব্যর্থতা কাটিয়ে নতুন বছরে জ্বলে উঠেছে তারা। ওয়ানডে সিরিজে দলটি হারিয়েছে ভারত-পাকিস্তানকে! দলের এমন পারফরম্যান্সকে বিশ্বকাপের আগে ঠিক সময়ে জ্বলে ওঠা বলছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

ভারতের বিপক্ষে অজিদের জয়টি ছিল রোমাঞ্চকর। প্রথমে দুই ম্যাচে হেরে গেলেও শেষ তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজটি নিজেদের করে নেয় তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সবশেষ আট ওয়ানডের সবকটিতেই জয়; সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে তারকা দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নের ফেরা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকেও অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপ নিয়ে দলের সবাই মুখিয়ে আছে বলে মনে করেন স্টয়নিস, “আমি মনে করি, দলের সবাই আত্মবিশ্বাসী। দেশের বাইরে টানা আটটি ম্যাচ জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”

“আমাদের এটা দরকার ছিল। গত বছর বা এর আগের সময়ে আমরা অনেকগুলো ম্যাচে হেরেছি। ঘুরে দাঁড়ানোটা ঠিক সময়ে হয়েছে। একে-অপরের ব্যাপারে আমাদের আস্থা ফিরতে শুরু করেছে। দল হিসেবে আমরা ভালো খেলতে শুরু করেছি।”

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ১২ মাসের নিষেধাজ্ঞায় পড়েন স্মিথ ও ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারা। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ফেরায় দলীয় শক্তি অনেক বেড়ে গেছে বলে জানালেন স্টয়নিস।

“তারা ফেরায় শক্তি অনেক বেড়েছে। সেই সঙ্গে আমরা ধারাবাহিকভাবে ম্যাচ জিততে শুরু করেছি। এটা নিশ্চিতভাবে বিশ্বকাপে একটা উইনিং কম্বিনেশন তৈরি করতে আমাদের সহায়তা করবে।”

ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। অস্ট্রেলিয়ার মিশন শুরু হবে ১ জুন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।