পিপল ম্যাগাজিনের বিচারে বছরের অন্যতম সুন্দরী নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রতিক্রিয়ায় বলিউড-হলিউডের এ অভিনেত্রী জানালেন, “চেহারা সবকিছু নয়।”
প্রথাগত ধারণার বাইরে গিয়ে ভাবলে আত্মবিশ্বাসী হওয়া যায়, তখনই শুধু নিজের সেরা কাজগুলো করা যায় বলে মনে করেন তিনি। প্রিয়াঙ্কা আরও বলেন, “এখন সৌন্দর্যের যে মানদণ্ড ধরা হয়, তা ঠিক নয়।”
২০০০ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে রাতারাতি তারকা বনে যান প্রিয়াঙ্কা। জানান, ত্বক পরিচর্যায় তিনি সব সময় আর্দ্রতা ধরে রাখায় গুরুত্ব দেন। ঘুমানোর আগে ঠিকঠাক মতো মেকআপ তোলায় জোর দেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন এ নায়িকা।
বিবাহজনিত ব্যস্ততা কাটিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা শেষ করলেন বলিউডের কামব্যাক সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সোনালি বোসের পরিচালনায় তার বিপরীতে আছেন ফারহান আখতার। তাদের মেয়ের ভূমিকায় আছেন জায়রা ওয়াসিম। এ ছাড়া মা আনন্দশীলার বায়োপিক ও একটি ওয়েডিং কমেডি রয়েছে হলিউডের কাজের তালিকায়।
প্রিয়াঙ্কা ইদানীং ঘনঘনই ম্যাগাজিন প্রচ্ছদে ধরা দিচ্ছেন। সর্বশেষ তাকে দেখা গেল ‘ভোগ’ ম্যাগাজিনের নেদারল্যান্ড সংস্করণে। সেখানে বিয়ের পোশাকে পোজ দেন। সেই ছবি প্রিয়াঙ্কা সম্প্রতি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
পিপল ম্যাগাজিনের সৌন্দর্য বিষয়ক সংখ্যাটির তালিকায় আরও স্থান পেয়েছেন লুপিটা নাইং, কেসি মাসগ্রেভ, ব্রি লারসন ও ক্যামিলা কাবেলো।