ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সাথে ঘুরতে আসলে তাদের বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ডেকে পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ খান রাতুল এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. মারুফ আহমেদ তাদের সাথে অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে ফাহিম আহমেদ খান রাতুল এবং মো. মারুফ আহমেদ উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী।
এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত দুইজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং আগামী সাত কার্য দিবসের মধ্যে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ছিনতাইয়ে জড়িত ফাহিম আহমেদ খান ওরফে রাতুল নিজেকে রাতুল হিসেবে ক্যাম্পাসে পরিচিত করালেও বিভাগে তার নাম ফাহিম আহমেদ খান এবং তার ফেসবুকে আইডি নাম আকাশ আব্রার তরফদার। তিনি বিভিন্ন অপকর্মের পর তার পরিচয় গোপন রাখতেই বিভিন্ন নাম ব্যবহার করে থাকেন বলে জানা যায়।