নীলফামারীর ডোমারে পরীক্ষায় বহিষ্কার হয়ে কেন্দ্রেই নিজ গায়ে কেরোসিন ঢেলে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
বুধবার ডোমারের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রচেষ্টা আত্মহত্যায় ব্যর্থ হওয়া ওই পরীক্ষার্থী বর্তমানে ডোমার থানায় আটক রয়েছেন।
আটক মো. লিমন (১৮) ডোমার উপজেলার গোমনাতী বিএম কলেজের ছাত্র।
কেন্দ্রের সচিব ডোমারের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ‘বুধবার কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষাকক্ষে লিমনসহ সাত পরীক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়ায় তাদের বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।
বহিস্কৃতদের মধ্যে গোমনাতী বিএম কলেজের দুই পরীক্ষার্থী এবং ডোমার তালতলী বিএম কলেজের পাঁচ পরীক্ষার্থী রয়েছে।
বহিষ্কৃত হওয়ার পর ওই সাত পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করে চলে যান। তবে কিছুক্ষণ পর বহিস্কৃত পরীক্ষার্থী মো. লিমন একটি জারিক্যানে কেরোসিন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় ।
এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের প্রচেষ্টায় আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয় সে। পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পরীক্ষায় বহিষ্কার হয়ে কেন্দ্রেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল লিমন। তাকে আটক করে থানায় রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার যদি তার দায়িত্ব নেয় তাকে ছেড়ে দেওয়া হবে। তা না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।