শীতলক্ষ্যা তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল ১০টায় নির্বাহী হাকিম দীপ্তিময়ী জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় শীতলক্ষ্যার পূর্বপাড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

দুপুর ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে চারটি দোতলা ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে অধিকাংশই বসতঘর। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপপরিচালক মো. শহীদুল্লাহসহ অন্য কর্মকর্তারা। বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদকর্মী এতে অংশ নেন।

গুলজার আলী দেশ রূপান্তরকে জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনর্নির্ধারণ করে সে অনুযায়ী এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। নির্বাহী হাকিম দীপ্তিময়ী জামান বলেন, নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান চলবে।