ঘুষের প্রলোভন ও হুমকিদাতা আ.লীগ নেতার কারাদণ্ড

ভোলায় সহকারী কমিশনার (ভূমি) কাওছার হোসেনকে ঘুষের প্রলোভন ও হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ড্রেজার ছাড়িয়ে নিতে গতকাল বুধবার দুপুরে অফিসে এসে ঘুষের প্রলোভন ও হুমকি দিলে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউপি সদস্য খলিল হোসেন নলীকে (৬০) এক মাসের কারাদণ্ড ও মোশারেফ হোসেনকে (৫৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কাওছার হোসেন। সাজাপ্রাপ্ত খলিল হোসেন নলী ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। মোশারেফ হোসেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওছার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।