মোহাম্মদপুরে পাঠাও মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মোহাম্মদপুর লাউতলা তিন রাস্তার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

নিহতের নাম আরমান (২৫)। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রুস্তমও (২৭) সামান্য আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আরমানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক রুস্তম জানান, আরমান মোহাম্মদপুর শাহজাহান রোডে থাকেন। পেশায় চাকরিজীবী। আর রুস্তমের বাসা মোহাম্মদপুর বাঁশবাড়ি। তিনি নিজের মোটরসাইকেল ভাড়ায় উবার ও পাঠাওতে যাত্রী পরিবহন করেন।

তিনি বলেন, সন্ধ্যার পরে মোহাম্মদপুর টাউন হল থেকে আরমানকে ভাড়ায় নিয়ে বসিলা ব্রিজে যাচ্ছিলেন। লাউতলা তিন রাস্তায় গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আরমান ডান পাশে ও রুস্তম বাম পাশে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাকটি আরমানের উপর দিয়ে চলে যায়। আর পড়ে গিয়ে রুস্তমের পায়েও কিছুটা কেটে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।