শিক্ষার্থীদের ক্রোকারিজ সামগ্রী পুরস্কার না দিতে নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে থালা, বাটি, মগ, জগ, গ্লাসসহ কোনো ধরনের ক্রোকারিজ সামগ্রী না দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসবের পরিবর্তে পুরস্কার হিসেবে বই দিতে বলা হয়েছে।  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়। 

বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাউশি।  বিষয়টি নিশ্চিত করতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নানের সই করা পরিপত্রে বলা হয়, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রোকারিজ সামগ্রী বিতরণ করা হয়।  শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী হিসেবে এসব পণ্য আদৌ পরিগণিত হয় না। ছাত্রছাত্রীদের উপহার হিসেবে শ্রেণি উপযোগী বই দিতে হবে।  প্রতিষ্ঠানের শিক্ষকরাই এসব বই নির্বাচন করবেন। 

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘থাল-বাটি, জগ-গ্লাস কোমলমতি শিশুদের পুরস্কার দেওয়ার মতো কোনো জিনিস নয়।  শিক্ষার্থীদের শ্রেণি উপযোগী বই দিতে হবে, যাতে তারা কিছু শিখতে পারে।’