নুসরাতের পরিবারকে দেড় লাখ টাকা দিলেন আফরোজা আব্বাস

ফেনীর সোনাগাজীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির পরিবারের হাতে প্রায় দেড় লাখ টাকা তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

বুধবার সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামে তাদের বড়িতে গিয়ে নুসরাতের মাসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আফরোজা আব্বাস এই অর্থ তাদের হাতে তুলে দেন। এর মধ্যে মীর্জা আব্বাসের ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা ও সৌদি আরব রিয়াদ বিএনপির পক্ষ থেকে ৪০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

এর আগে দুপুরে সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আফরোজা আব্বাস বলেন, দেশে এখন খুন, ধর্ষণ ও গুমের বিচার হয় না। বিচারহীন সংস্কৃতির কারণে খুন, ধর্ষণ ও গুম বেড়ে গেছে। দেশে যদি ন্যায় বিচার থাকত, একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে নুসরাতকে আগুনে পুড়ে জীবন দিতে হতো না। ধর্ষকদের হাত থেকে নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না।